বৈশাখে ইলিশ সংকট, নাগালের বাইরে দাম—হতাশ ক্রেতা-বিক্রেতা

Date:

spot_img

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

পহেলা বৈশাখকে সামনে রেখে ইলিশ মাছের চাহিদা বাড়লেও দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটায় মিলছে না প্রত্যাশিত সরবরাহ। ফলে বাজারে ইলিশের দাম বেড়ে আকাশচুম্বী হয়েছে, যা মধ্যবিত্তের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। এতে ক্রেতা ও ব্যবসায়ী উভয়ের মধ্যেই হতাশা বিরাজ করছে।

সোমবার (১৩ এপ্রিল) বাজার সংশ্লিষ্টরা জানান, বৈশাখ উপলক্ষে প্রতি বছর ইলিশের চাহিদা কয়েকগুণ বেড়ে যায়। কিন্তু এবার সেই তুলনায় সরবরাহ অনেক কম। বাজারে অল্প কিছু ইলিশ উঠলেও দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে এবং মোট চাহিদার এক-তৃতীয়াংশও পূরণ হচ্ছে না। তেল সংকটের কারণে অনেক জেলে সাগর ও নদীতে মাছ ধরতে যেতে পারছেন না, ফলে মাছ আহরণ কমে গেছে।

কিছুদিনের ব্যবধানে ইলিশের দাম প্রায় দ্বিগুণ হয়েছে। বর্তমানে ১ কেজি ওজনের ইলিশ প্রতি মণ বিক্রি হচ্ছে ১ লাখ ৬০ হাজার থেকে ১ লাখ ৭০ হাজার টাকায়, অর্থাৎ কেজিপ্রতি ৪ হাজার টাকারও বেশি। ৫০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ প্রতি মণ ১ লাখ ২০ হাজার থেকে ১ লাখ ৩০ হাজার টাকায় বিক্রি হচ্ছে, যা কেজিতে প্রায় ৩ হাজার টাকা। ছোট সাইজের ইলিশের দামও কম নয়—কেজিপ্রতি ১২০০ থেকে ১৫০০ টাকা।
এদিকে আগামী ১৫ এপ্রিল থেকে শুরু হচ্ছে ৫৮ দিনের সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা, যা চলবে ১১ জুন পর্যন্ত। নিষেধাজ্ঞার আগে অনেক ট্রলার গভীর সমুদ্রে গেলেও কাঙ্ক্ষিত ইলিশ না পেয়ে খালি হাতে ফিরছে। ফলে বাজারে সরবরাহ আরও কমে গেছে এবং দাম বেড়েছে অস্বাভাবিকভাবে। দূর-দূরান্ত থেকে আসা পাইকাররাও পর্যাপ্ত ইলিশ না পেয়ে হতাশ হয়ে ফিরছেন।

ইলিশ কিনতে আসা ক্রেতা বিপ্লব বলেন, বৈশাখ মানেই ইলিশ। কিন্তু এবার বাজারে এসে দাম শুনে ফিরে যেতে হচ্ছে। আগে যেখানে একটি ইলিশ কিনে পরিবার নিয়ে খেতে পারতাম, এখন তা সম্ভব নয়।

অন্য ক্রেতা আল আমিন জানান, সকালে ইলিশ কিনতে এসে শেষ পর্যন্ত গুঁড়ো মাছ কিনে ফিরতে হয়েছে। বর্তমান দামে ইলিশ আমাদের নাগালের বাইরে।
মৎস্য ব্যবসায়ীরা বলছেন, চাহিদা বেশি থাকলেও সরবরাহ কম থাকায় দাম বেড়েই চলেছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে চাহিদা থাকলেও পর্যাপ্ত মাছ না থাকায় সরবরাহ করা যাচ্ছে না, ফলে সংকট আরও তীব্র হচ্ছে।

পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল হক জানান, বিষখালী ও বলেশ্বর নদীর মোহনায় চর পড়ে যাওয়ায় ইলিশের প্রাপ্যতা কমেছে। পাশাপাশি প্রতিকূল আবহাওয়ার কারণে ফিশিং ট্রলারগুলো সাগরে যেতে পারেনি। তবে তিনি আশা প্রকাশ করেন, আসন্ন বর্ষা মৌসুমে জেলেরা কাঙ্ক্ষিত ইলিশ নিয়ে ঘাটে ফিরবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...