
বাংলাদেশের কৃষিখাতকে আরও আধুনিক ও উৎপাদনশীল করতে বেলারুশের অভিজ্ঞতা কাজে লাগাতে আগ্রহ প্রকাশ করেছে সরকার। পাশাপাশি দুদেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর সম্ভাবনাও উঠে এসেছে আলোচনায়।
বুধবার (২৯ এপ্রিল) ঢাকার জাতীয় সংসদ ভবনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূত মিখাইল কাসকোর সৌজন্য সাক্ষাতে এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে কৃষি প্রযুক্তি হস্তান্তর, অভিজ্ঞতা বিনিময় এবং বিভিন্ন উন্নয়নমূলক খাতে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। বেলারুশের উন্নত কৃষি ব্যবস্থা ও প্রযুক্তিগত দক্ষতা বাংলাদেশের কৃষিখাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মত দেন সংশ্লিষ্টরা।
এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশের সরকারের সাম্প্রতিক উন্নয়ন উদ্যোগের প্রশংসা করেন এবং সাম্প্রতিক নির্বাচনে জনগণের সমর্থন পাওয়ায় অভিনন্দন জানান।
মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেলারুশের কৃষিখাতের অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করলে রাষ্ট্রদূত বাংলাদেশকে একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে উল্লেখ করেন। তিনি ভবিষ্যতে কারিগরি সহায়তা বৃদ্ধির আশ্বাস দেন এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক চুক্তির সম্ভাবনার কথাও তুলে ধরেন।
সাক্ষাতে পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।





