
আগামী ২২ থেকে ২৬ জুন পর্যন্ত মালয়েশিয়া ও চীন সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে ২৬ জুন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে তার একটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে ২৫ জুন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং-এর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।
শনিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
পররাষ্ট্র সচিব জানান, মালয়েশিয়া সফর শেষে ২২ জুন বিকেলে সেখান থেকে রওনা হয়ে প্রধানমন্ত্রী সন্ধ্যায় চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় বন্দর নগরী ডালিয়ান-এ পৌঁছাবেন।
২৩ জুন তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ)-এর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন। এছাড়া সামার দাভোসে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের সরকারপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে রয়েছে কাজাখস্তান, মঙ্গোলিয়া এবং দক্ষিণ কোরিয়া। তবে এসব বৈঠকের সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি।
চীন সফরের প্রথম দিন বিকেলে ডব্লিউইএফ সম্মেলনে ‘ক্লাইমেট লিডারশিপ ইন শিফটিং গ্লোবাল ল্যান্ডস্কেপ’ শীর্ষক অধিবেশনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এছাড়া সফরের অংশ হিসেবে একই দিন সন্ধ্যায় চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং আয়োজিত স্বাগত নৈশভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী।





