
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় নিরাপদ খাদ্য (ফসল) উৎপাদন ও কৃষিপণ্যের গুণগত মান উন্নয়নে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুন) সাড়ে ১১টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ্ আকরাম। সভাপতির স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা দাস।
তিনি বলেন, নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে কৃষকদের আধুনিক ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি সঠিক কৃষি চর্চার ওপর গুরুত্ব দিতে হবে। নিরাপদ খাদ্য উৎপাদন শুধু জনস্বাস্থ্যের জন্য নয়, দেশের কৃষিপণ্যের বাজার সম্প্রসারণ ও রপ্তানি বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন নূসরাত জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল উদ্দীন খান এবং বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)-এর সহকারী প্রকৌশলী রেজাউল করিম। কংগ্রেসে কৃষি বিভাগের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, কৃষক, কৃষি উদ্যোক্তা এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন। বক্তারা নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের সচেতনতা বৃদ্ধি, সুষম সার ও বালাইনাশক ব্যবহার, আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ এবং টেকসই কৃষি ব্যবস্থাপনা বিষয়ে গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানস্থলে তিনটি প্রদর্শনী স্টল স্থাপন করা হয়।
স্টলগুলোতে উত্তম কৃষি চর্চার (Good Agricultural Practices-GAP) মাধ্যমে উৎপাদিত রপ্তানিযোগ্য বিভিন্ন ফল ও কৃষিপণ্য প্রদর্শন করা হয়। প্রদর্শিত পণ্যের মধ্যে আম, পেয়ারা, ড্রাগন ফলসহ বিভিন্ন উচ্চমূল্যের ফল দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। আয়োজকরা জানান, নিরাপদ ও মানসম্পন্ন কৃষিপণ্য উৎপাদনের মাধ্যমে স্থানীয় কৃষকদের আয় বৃদ্ধি, ভোক্তাদের জন্য স্বাস্থ্যসম্মত খাদ্য নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের কৃষিপণ্যের প্রতিযোগিতামূলক অবস্থান আরও শক্তিশালী করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।





