
কাইয়ুম বাদশাহ, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি শ্রেণিকক্ষে অংশ নিয়ে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত ) সঞ্জয় ঘোষ। প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উৎসাহিত করতে তিনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান নিয়মিত পরিদর্শন করছেন।
সোমবার (১৫ জুন) সকালে তিনি উপজেলার চামরদানী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে যান। পরিদর্শনের সময় নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের একটি ইংরেজি ক্লাস নেন তিনি। হঠাৎ করে ইউএনওকে শ্রেণিকক্ষে শিক্ষক হিসেবে দেখতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে বিস্ময় ও আনন্দের সৃষ্টি হয়।
প্রায় এক ঘণ্টাব্যাপী ক্লাসে সঞ্জয় ঘোষ ইংরেজি বিষয়ের বিভিন্ন বিষয় সহজভাবে উপস্থাপন করেন। তিনি গল্প, উদাহরণ ও অংশগ্রহণমূলক পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের কাছে বোধগম্য করে তোলেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। পাশাপাশি পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শও দেন।
শিক্ষার্থীরা জানায়, ইউএনও স্যারের ক্লাস ছিল অত্যন্ত উপভোগ্য ও শিক্ষণীয়। তিনি সহজভাবে পাঠ বুঝিয়েছেন এবং কীভাবে পড়া মনে রাখা যায় সে বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম জিলানী বলেন, একজন প্রশাসনিক কর্মকর্তা হয়েও যেভাবে তিনি শ্রেণিকক্ষে এসে পাঠদান করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। তাঁর এ উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ আরও বাড়াবে বলে আমরা বিশ্বাস করি।
পাঠদান বিষয়ে ইউএনও সঞ্জয় ঘোষ বলেন, কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটাতে এবং তাদের পড়াতে আমি ভীষণ আনন্দ পাই। জ্ঞান বিতরণের মতো তৃপ্তি অন্য কোথাও পাওয়া যায় না। শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি বিদ্যালয়ের বাস্তব অবস্থা ও প্রয়োজনীয় বিষয়গুলো সরেজমিনে জানার সুযোগও হয়। উন্নত ও সমৃদ্ধ জাতি গঠনে শিক্ষার গুরুত্ব অপরিসীম। প্রজাতন্ত্রের একজন কর্মচারী হিসেবে শিক্ষা খাতের উন্নয়নে সামান্য অবদান রাখতে পারাও আমার জন্য গর্বের বিষয়।





