
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও ১৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২২৪ শিশু।
সোমবার (২৫ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৫৪৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে মৃত্যু হয়েছে ৮৭ শিশুর এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪৫৮ শিশু।
এদিকে, পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৭১৯ শিশু। এছাড়া হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে ৬৪ হাজার ৯৪০ শিশু।
তথ্য অনুযায়ী, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। বিভাগটিতে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২৩১ শিশুর এবং আক্রান্ত হয়েছে ৩৬ হাজার ৭০৬ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এসব তথ্য গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ২৫ মে সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাবের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে।





