
ঢাকায় নিযুক্ত অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) সদস্যভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (১২ মে) দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
সাক্ষাৎকালে ওআইসি সদস্যভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানান। একই সঙ্গে তারা বাংলাদেশের সঙ্গে বিনিয়োগ, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, টেক্সটাইল ও ওষুধ শিল্পসহ বিভিন্ন খাতে সহযোগিতা ও সম্পর্ক আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি বাংলাদেশের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।
প্রধানমন্ত্রী তারেক রহমান ওআইসি সদস্য দেশগুলোর শুভেচ্ছা ও সমর্থনের জন্য সরকার ও জনগণের পক্ষ থেকে ধন্যবাদ জানান। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় থেকে ওআইসিভুক্ত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করে ভবিষ্যতে এ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট সমাধানে ওআইসিভুক্ত দেশগুলোর অব্যাহত সমর্থনও কামনা করেন।
এ সময় সৌদি আরব, তুরস্ক, ফিলিস্তিন, আলজেরিয়া, ব্রুনাই, মিশর, ইন্দোনেশিয়া, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, মরক্কো, ওমান, পাকিস্তান, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা উপস্থিত ছিলেন। এছাড়া ইরান, ইরাক ও লিবিয়ার হেড অব মিশনও বৈঠকে অংশ নেন।
বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, পররাষ্ট্র সচিব এম ফরহাদুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।





