
সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের নির্বাচনে মোট ব্যয় হয়েছে ৪ কোটি ৪৯ লাখ ৪৭ হাজার ৯৭২ টাকা।
মঙ্গলবার (১২ মে) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে ব্যয়ের হিসাব জমা দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত প্রতিবেদনে নির্বাচনী ব্যয়ের বিভিন্ন খাতের বিস্তারিত তুলে ধরা হয়।
ইসিতে জমা দেওয়া তথ্যে দেখা গেছে, দলটির ব্যয়ের সবচেয়ে বড় অংশ ব্যয় হয়েছে প্রার্থীদের অনুদান হিসেবে। জামায়াত মনোনীত ২২৫ জন প্রার্থীকে অনুদান বাবদ মোট ৪ কোটি টাকা প্রদান করা হয়েছে।
এ ছাড়া নির্বাচনী প্রচারণার অন্যান্য খাতের মধ্যে রয়েছে—
নির্বাচনী প্রচারণা বাবদ ব্যয়: ২০ লাখ ৯০ হাজার ৮২৭ টাকা
জনসভা ও নেতাদের সফর: ১৪ লাখ ১৭ হাজার ৫৯৯ টাকা
আবাসন ও প্রশাসনিক খরচ: ৯ লাখ ৪৪ হাজার ৯৪৪ টাকা
স্টাফ খরচ: ২ লাখ ৮৫ হাজার ৯০২ টাকা
পরিবহন খাত: ৮ হাজার ৭০০ টাকা
বিবিধ খরচ: ২ লাখ টাকা
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, নির্বাচনী ইশতেহারের ডিজাইন ও মুদ্রণ, সংবাদ সম্মেলনের আয়োজন, আপ্যায়ন, নির্বাচনী সামগ্রী পরিবহন এবং আন্তর্জাতিক গণমাধ্যম ও আইসিসিতে বিজ্ঞাপন প্রচারের খরচও এই ব্যয়ের অন্তর্ভুক্ত।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের ইতিহাসে সর্বোচ্চ সাফল্য অর্জন করে ৬৮টি আসনে জয় লাভ করেছে। পাশাপাশি দলটির নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে আরও ৬টি আসন। ফলে জোটগতভাবে এবারের নির্বাচনে তারা একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছে।





