
রাজধানী ঢাকাসহ দেশের সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২ মে) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অধীন রমনা মডেল থানা পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন।
পরিদর্শনের সময় স্বরাষ্ট্রমন্ত্রী থানার বিভিন্ন কক্ষ, হাজতখানা এবং সার্বিক পরিবেশ ঘুরে দেখেন। তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ডিউটি অফিসারসহ দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সেবাগ্রহীতাদের সমস্যার বিষয়েও খোঁজখবর নেন।
এ সময় মন্ত্রী পুলিশ সদস্যদের সততা, ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে জনগণকে সেবা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি স্পষ্টভাবে জানান, দায়িত্ব পালনে অবহেলা কিংবা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রীর এ নির্দেশনার মাধ্যমে থানায় সেবার মান উন্নয়ন এবং সাধারণ মানুষের ভোগান্তি কমানোর উদ্যোগকে আরও জোরদার করা হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।





