
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে এক কলেজছাত্রীর অনশনকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। অনশনরত ছাত্রীর নাম সাদিয়া আক্তার শশী (২৩)।
শশীর দাবি অনুযায়ী, বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স মোসাঃ কাজল রেখার ছেলে মোঃ কামরুল ইসলাম নিরবের (২৯) সাথে তার বিয়ে হয়েছে। এই বিয়ের স্বীকৃতির দাবিতে তিনি বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের ম্যাটস কোয়ার্টারে অবস্থান নিয়ে অনশন করছেন।
এদিকে কামরুলের পরিবার এই সম্পর্ক মেনে নিতে সম্পূর্ণ অস্বীকৃতি জানিয়েছে। কামরুলের বাবা, বরিশাল সদর উপজেলার স্বেচ্ছাসেবক লীগ নেতা মজনু মিয়া স্পষ্টভাবে জানিয়েছেন যে, তারা এই সম্পর্ক কোনোভাবেই গ্রহণ করবেন না। এমনকি সামাজিক ও অর্থনৈতিক অবস্থানের দোহাই দিয়ে মেয়ের পরিবারকে তুচ্ছজ্ঞান করার অভিযোগও উঠেছে নিরবের পরিবারের বিরুদ্ধে।
স্বীকৃতি না পাওয়া পর্যন্ত অনশন ভাঙবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন সাদিয়া আক্তার শশী। তিনি দাবি করেন, তাকে স্ত্রীর মর্যাদা না দিলে তিনি সরকারি কোয়ার্টার ছাড়বেন না এবং প্রয়োজনে আত্মহত্যার পথ বেছে নেবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।
ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন অনেকে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।





