
গোপালগঞ্জ প্রতিনিধি
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় ‘রুরাল কানেকটিভিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (RCIP)’ শীর্ষক প্রকল্পের অধীনে জলবায়ু সহনশীল গ্রামীণ অবকাঠামো নির্মাণ বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) অর্থায়নে আয়োজিত এ কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলার প্রকৌশলী, উপজেলা সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী এবং কমিউনিটি অর্গানাইজাররা অংশগ্রহণ করেন।
বুধবার (১৫ এপ্রিল) গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে কর্মশালার প্রথম দিনের কার্যক্রম শুরু হয়। দিনব্যাপী আয়োজিত এই কর্মশালায় ‘জলবায়ু সহনশীল গ্রামীণ সড়ক অবকাঠামো’ বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন এলজিইডি, গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হক। তিনি তার বক্তব্যে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন কাজকে আরও টেকসই ও দীর্ঘস্থায়ী করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নে প্রতিবন্ধকতা দূর করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
প্রথম দিনে জেলার পাঁচ উপজেলার মোট ২০ জন উপ-সহকারী প্রকৌশলী অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম, এলজিইডির সহকারী প্রকৌশলী অর্পণ পাল এবং ট্রেনিং কো-অর্ডিনেটর মো. মনিরুল ইসলাম।
কর্মশালার দ্বিতীয় দিন (১৬ এপ্রিল) চন্দ্রদিঘলিয়া ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত সেশনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য, সংরক্ষিত নারী সদস্য এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন।
আয়োজকরা জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় গ্রামীণ সড়ক ও অবকাঠামো নির্মাণে দক্ষতা বৃদ্ধি পাবে এবং উন্নয়ন কার্যক্রম আরও কার্যকর ও টেকসই হবে।





