
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের সেনগ্রাম এলাকার মাধবেরঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি উচ্চক্ষমতাসম্পন্ন ড্রেজার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৫ এপ্রিল) বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত অভিযান পরিচালনা করে বীরগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপঙ্কর বর্মন এ ব্যবস্থা নেন।
জানা যায়, খানসামা উপজেলার ভাবকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ রবিউল ইসলাম তুহিনের সংশ্লিষ্টতায় ওই ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল। অভিযানের খবর পেয়ে ড্রেজারের চালক ও সহকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ড্রেজারটি স্থানীয় ইউপি সদস্য সোহেল রানার জিম্মায় রাখা হয়।
এ ঘটনায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে। পাল্টাপুর ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মান্নানকে মামলার প্রস্তুতি নিতে বলা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
অভিযানকালে পাল্টাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তহিদুল ইসলাম, ভূমি অফিসের সার্ভেয়ার আবুল কাশেম, বীরগঞ্জ থানার পুলিশ সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে অভিযুক্ত পক্ষের একজন নিজেকে চেয়ারম্যান তুহিনের আত্মীয় পরিচয় দিয়ে দাবি করেন, খানসামা উপজেলার আগ্রা এলাকায় বালু উত্তোলনের ইজারা রয়েছে এবং সেখানেই ড্রেজার ব্যবহারের অনুমতি আছে। তবে বাস্তবে আত্রাই নদীর বীরগঞ্জ অংশে ড্রেজার স্থাপন করে বালু উত্তোলন করা হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর দুই তীরের মন্দির, শ্মশান, বসতবাড়ি, সড়ক ও আবাদি জমি হুমকির মুখে পড়েছে। এর আগে ড্রেজিংয়ের কারণে সৃষ্ট গর্তে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে বলেও অভিযোগ উঠে।
এ বিষয়ে চেয়ারম্যান রবিউল ইসলাম তুহিন ড্রেজার দিয়ে বালু উত্তোলনের বিষয়টি স্বীকার করে বলেন, সীমানা নির্ধারণ না থাকায় জটিলতা সৃষ্টি হয়েছে।
বীরগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) দীপঙ্কর বর্মন জানান, গুরুতর অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনের নির্দেশে ভূমি প্রশাসন কঠোর নজরদারি শুরু করেছে এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান অব্যাহত থাকবে।





