
সাইফুল ইসলাম
টাঙ্গাইলের মধুপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। “উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (১১ এপ্রিল) সকালে মধুপুর উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুবায়ের হোসেন।

মধুপুর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় পৃষ্ঠপোষকতা করছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মো. মনিরুজ্জামান মনি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোস্তফা হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা, আইসিটি কর্মকর্তা আবরারুল হক শিমুল, বীর মুক্তিযোদ্ধা এম এ সামাদ, মধুপুর থানার অফিসার ইনচার্জ ফজুলল হকসহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. মহি উদ্দিন আহমেদ।
উদ্বোধন শেষে ইউএনও মো. জুবায়ের হোসেন মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করেন, যা দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।





