
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় কৃষিজমির উর্বর মাটি অবৈধভাবে কেটে ইটভাটায় সরবরাহের অভিযোগে চারজনকে আটক করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে মাটি পরিবহনে ব্যবহৃত চারটি যানবাহন জব্দ করা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে নাচোল সদর ইউনিয়নের খেসবা লাইপাড়া এলাকায় স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, “সাথী ভাটা” নামে একটি ইটভাটায় মাটি সরবরাহের জন্য একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে আশপাশের কৃষিজমির উপরিভাগ কেটে ট্রাকযোগে মাটি পরিবহন করছিল। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোছা. সুলতানা রাজিয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০২৩ অনুযায়ী প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া বলেন, কৃষিজমির উর্বর মাটি অপসারণ পরিবেশ ও খাদ্য নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। এ ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়দের অভিযোগ, নির্বিচারে মাটি কাটার ফলে ফসলি জমির উৎপাদনশীলতা হ্রাস পাচ্ছে, যা ভবিষ্যতে কৃষিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।





