
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুদার ঐতিহ্যবাহী স্টেডিয়াম মাঠের পরিবেশ রক্ষার্থে এবং মাঠের সামনে পরিকল্পিত মার্কেট স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রবিবার ( ১৮ অক্টোবর) বিকেলে ‘মাঠ বাঁচাও, পরিবেশ বাঁচাও, মাঠের সামনে পরিকল্পিত মার্কেট স্থাপন বন্ধ করো’—এই স্লোগানকে সামনে রেখে দামুড়হুদা স্টেডিয়াম মাঠের সামনে এই মানববন্ধনের আয়োজন করে স্থানীয় সচেতন নাগরিক সমাজ।
ঐতিহ্যবাহী এই মাঠটি উপজেলার তরুণ ও যুবসমাজের খেলাধুলা এবং সাধারণ মানুষের নির্মল বাতাসের একমাত্র আশ্রয়স্থল উল্লেখ করে মানববন্ধনে বক্তারা বলেন, এখানে মার্কেট স্থাপন করা হলে মাঠের পরিবেশ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। যুবসমাজ খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হবে। তাই অবিলম্বে এই পরিকল্পিত মার্কেট নির্মাণ কাজ বন্ধ করার জোর দাবি জানান তারা।
মানববন্ধন শেষে সচেতন নাগরিক সমাজের নেতৃবৃন্দ দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লাভলী ইয়াসমিন-এর নিকট একটি স্মারকলিপি তুলে দেন।
স্মারকলিপি গ্রহণ করে উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস প্রদান করেন।উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন নায়েব আলী, আবেদুদ্দৌলা টিটন, মাওলানা আব্দুস সাত্তার, মাওলানা আব্দুল খালেক, মাওলানা আবুল কাশেম জিহাদীসহ এলাকার সচেতন নাগরিক সমাজ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ মানুষ। কর্মসূচিতে অংশ নিয়ে সকলেই এই দাবির প্রতি সংহতি প্রকাশ করেন।





