
ঝালকাঠি ব্যুরো
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ঝালকাঠিতে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সকালে ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয় চত্বরে ঝালকাঠি পৌরসভার উদ্যোগে বিভিন্ন ফলজ চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির আওতায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মোট ৮০০টি ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
এ সময় ঝালকাঠি পৌরসভার প্রশাসক জুলিয়া সুকায়না শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন। চারা পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও আনন্দ দেখা যায়। তাদের নিজ নিজ বাড়ি ও বিদ্যালয় প্রাঙ্গণে উপযুক্ত স্থানে এসব চারা রোপণ ও পরিচর্যার জন্য উৎসাহিত করা হয়।
আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, বায়ুদূষণ কমানো, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রাকৃতিক পরিবেশের সুরক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করা গেলে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতা গড়ে উঠবে।
চারা বিতরণ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে গাছ লাগানোর পাশাপাশি নিয়মিত পরিচর্যার গুরুত্বও তুলে ধরা হয়। একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঝালকাঠি গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
‘সবুজে সাজুক ঝালকাঠি, সমৃদ্ধ হোক আগামীর প্রজন্ম’—এই প্রত্যয়ে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণের মধ্য দিয়ে কর্মসূচি সম্পন্ন হয়।





