
খুলনা প্রতিনিধি
সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির ঘোষণা দিয়েছেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য, জাতীয় সংসদের হুইপ ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।
তিনি বলেছেন, সন্ত্রাস ও মাদকের সঙ্গে কেউ জড়িত থাকলে কিংবা কাউকে প্রশ্রয় দিলে তার বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলায় জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বুধবার দুপুরে নগরীর দৌলতপুরের মহেশ্বরপাশা পশ্চিমপাড়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হুইপ বকুল।
ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব থেকে গরিব ও অসহায় মানুষকে সুরক্ষা দিতে এ অনুষ্ঠানে মশারি ও মশা নিধন যন্ত্র (স্প্রে মেশিন) বিতরণ করা হয়।
বক্তব্যে হুইপ বকুল বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনিক উদ্যোগ যথেষ্ট নয়; এ জন্য নগরবাসীকে সচেতন হতে হবে। বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা জরুরি। এ লক্ষ্যে খুলনার বন্ধ পাটকলগুলো পুনরায় চালুর মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতিও দেন তিনি।
হুইপ বকুল বলেন, মাদক ও সন্ত্রাস সমাজের জন্য বড় হুমকি। এসবের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে। কেউ সন্ত্রাস, চাঁদাবাজি বা মাদককে প্রশ্রয় দিলে তার বিরুদ্ধেও আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে স্থানীয় সমাজকর্মী, রাজনৈতিক নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।





