
খুলনা ব্যুরো
খুলনা নগরীতে পৃথক অভিযান চালিয়ে রিভলভার ও ৪১ রাউন্ড তাজা গুলিসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোর থেকে সকালে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন—সালাউদ্দিন আহমেদ ও আবিদ হাসান রানা।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে নগরীর টুটপাড়া সার্কুলার রোড এলাকায় অভিযান চালিয়ে সালাউদ্দিন আহমেদকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নগরীর মধ্য হরিণটানা এলাকায় আবিদ হাসান রানার বাসায় অভিযান চালানো হয়।
অভিযানকালে রানার শয়নকক্ষের বিছানার নিচে তল্লাশি চালিয়ে একটি রিভলভার ও ৪১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
পুলিশের তথ্যমতে, উদ্ধার হওয়া গোলাবারুদের মধ্যে রিভলভারের একটি কার্তুজ, পিস্তলের ১৬টি কার্তুজ এবং শটগানের ২৪টি কার্তুজ রয়েছে।
পুলিশের দাবি, আটক দুই যুবক দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের কাছে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করে আসছিলেন। তবে এ বিষয়ে তদন্তের মাধ্যমে তাদের সংশ্লিষ্টতার বিস্তারিত তথ্য যাচাই করা হবে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় লবণচরা থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করে অস্ত্র ও গোলাবারুদের উৎস এবং এর সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।





