
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী ভবন দুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
সকাল সাড়ে ৯টায় উপজেলার পুকাশ স্কুল অ্যান্ড কলেজে এবং বেলা ১১টায় গুরুকচি উচ্চ বিদ্যালয়ে পৃথকভাবে এসব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, সিলেট সূত্রে জানা যায়, সরকারের রাজস্ব খাতের অর্থায়নে ৩ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে গুরুকচি উচ্চ বিদ্যালয়ে চারতলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ করা হবে। পাশাপাশি ১ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে পুকাশ স্কুল অ্যান্ড কলেজে চারতলা ভিতবিশিষ্ট একতলা একাডেমিক ভবন নির্মাণ করা হবে।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব নুমেরী জামান, উপসচিব সামসুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী, জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সহ-সভাপতি জালাল উদ্দীন, লেংগুড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুব আহমদ, গুরুকচি উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি সুহেল আহমদ,পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি রাশীদ আলী,সাধারণ সম্পাদক আব্দুস শুকুর, লেংগুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকারিয়া, বিএনপি নেতা সিরাজ উদ্দীন,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক অ্যাডভোকেট সাহেদ আহমদ, সদস্যসচিব মুমিনুল হক,যুবদল নেতা মহসিন আহমদ জনি সহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
এছাড়া লেংগুড়া ইউপি সদস্য সাহেদ আহমদ,আব্দুর রহমান,জালাল উদ্দীনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
নতুন একাডেমিক ভবন দুটি নির্মিত হলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষ সংকট অনেকটাই কমবে এবং শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ আরও উন্নত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।





