
খুলনা ব্যুরো
খুলনা মহানগর আওয়ামী লীগের সদস্য রিপন ওরফে ‘কালা রিপন’কে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টার দিকে নগরীর পশ্চিম বানিয়াখামার এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, সোনাডাঙ্গা থানার একটি অভিযানিক দল পশ্চিম বানিয়াখামার এলাকায় অভিযান চালিয়ে রিপনকে আটক করে। তিনি ওই এলাকার আব্দুল আলীমের ছেলে এবং শেখবাড়ির কেয়ারটেকার কালা শওকতের ভাই।
সোনাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) নাদিম মাহমুদ বলেন, রাতে পুলিশের একটি অভিযানিক দল তাকে আটক করেছে। রিপন খুলনা মহানগর আওয়ামী লীগের সদস্য। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এছাড়া তার বিষয়ে পুলিশের কাছে বিভিন্ন ধরনের তথ্য আসছে। এসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, যাচাই-বাছাই শেষে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





