
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার দর্শনা থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে দুই ইয়াবাসহ চারজনকে আটক করেছে পুলিশ। আটক চারজনের মধ্যে দুজনের বিরুদ্ধে ইয়াবা রাখার অভিযোগ এবং অপর দুজনের বিরুদ্ধে মদ পান করে মাতলামির অভিযোগ রয়েছে। পরে তাদের আদালতে হাজির করা হলে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে দর্শনা থানা পুলিশের পৃথক অভিযানে তাদের আটক করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় এবং দর্শনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোকলেছুর রহমানের তত্ত্বাবধানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার পিএসআই (নিঃ) প্রণব কুমার পাল সঙ্গীয় ফোর্স নিয়ে কুড়ালগাছি দাখিল মাদ্রাসার সামনে পাকা সড়কে অভিযান চালান। এ সময় কুড়ালগাছি গ্রামের মো. আমিনুল ইসলাম (২১) ও ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মো. আকাশ ইসলামকে (২১) আটক করা হয়। তাদের কাছ থেকে দুই পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়।অন্যদিকে, রাত ৮টা ২৫ মিনিটের দিকে এসআই (নিঃ) সাইফুল মোল্লা সঙ্গীয় ফোর্স নিয়ে আকন্দবাড়ীয়া গ্রামের জনৈক কোহিনুরের চায়ের দোকানের সামনে অভিযান চালান। সেখান থেকে মদ পান করে মাতলামি করার অভিযোগে ঈশ্বরচন্দ্রপুর গ্রামের সাদ্দাম হোসেন (৩৪) ও মো. মোকলেছুর রহমানকে (৪৫) আটক করা হয়।পরে চারজনকে সংক্ষিপ্ত বিচারের জন্য বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।আদালত ইয়াবাসহ আটক আমিনুল ইসলাম ও আকাশ ইসলামকে সংশ্লিষ্ট মাদক আইনের ধারায় এক বছর করে সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।এ ছাড়া মদ পান করে মাতলামির অভিযোগে সাদ্দাম হোসেন ও মোকলেছু রহমানকে ১৫ দিন করে সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও এক দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।দর্শনা থানা
পুলিশ জানিয়েছে, মাদক ও অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।





