
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে ৩১ বস্তা ভারতীয় জিরা ও একটি ইঞ্জিনচালিত কাঠের বারকি নৌকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চারজনকে আসামি করে চোরাচালান আইনে মামলা করা হয়েছে। তবে অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে পালিয়ে যায়।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুকের দিকনির্দেশনায় শনিবার (২৯ আগস্ট) রাতে থানার এসআই (নিরস্ত্র) মো. মহিউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযানে বের হন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, চার ব্যক্তি একটি নৌকাযোগে ভারতীয় জিরা নিয়ে বাংলা বাজার থেকে সিলেটের দিকে যাচ্ছেন। পরে গুপ্তচরের দেওয়া তথ্যের ভিত্তিতে সরকারি স্পিডবোট দিয়ে একটি নৌকাকে ধাওয়া করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা চার ব্যক্তি নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে পালিয়ে যায়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে নৌকাটি তল্লাশি করে ৩১ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে মোট ৯৩০ কেজি জিরা ছিল। পুলিশ এর আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৩০ হাজার টাকা বলে জানিয়েছে।
এছাড়া জব্দ করা নৌকাটি প্রায় ৪৫ ফুট লম্বা ও ৩ ফুট প্রশস্ত এবং এতে ২৫ হর্সপাওয়ারের ইঞ্জিন রয়েছে। নৌকা ও ইঞ্জিনের আনুমানিক মূল্য ১ লাখ টাকা।
এ ঘটনায় পলাতক চার অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় মামলা নং-৪১(৮)২৬ দায়ের করা হয়েছে। মামলায় The Special Powers Act, 1974-এর 25B(1)(b)/25D ধারা উল্লেখ করা হয়েছে।
গোয়াইনঘাট থানা পুলিশ জানিয়েছে, পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।





