‎শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক

Date:

spot_img

রংপুর ব্যুরো

‎গত বছর এসএসসি পরীক্ষায় ৫৪ শিক্ষার্থীর মধ্যে ২৯ জন পাস করেছিল। এক বছরের ব্যবধানে এ বছর সেই বিদ্যালয়ের ১৮ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ হতে পারেনি। ফলাফল নেমে এসেছে শূন্যে। এর কারণ হিসেবে বিদ্যালয়ের এক শিক্ষক বলেন, সিসি ক্যামেরার ভয়ে শিক্ষার্থীরা এমন ফল করেছে। আরও এক শিক্ষক দায় চাপালেন অভিভাবকদের অসচেতনতা ও সিসি ক্যামেরার ওপর।

‎ঘটনাটি রংপুরের পীরগঞ্জ উপজেলার চতড়া ইউনিয়নের কুমারপুর উচ্চবিদ্যালয়ের। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বিদ্যালয়টি থেকে ১৮ জন অংশ নিলেও সবাই অকৃতকার্য হয়েছে। অথচ বিদ্যালয়টিতে বর্তমানে ৯ জন শিক্ষক ও ছয়জন কর্মচারী রয়েছেন। এক বছরের ব্যবধানে ফলাফলের এমন পতনে বিদ্যালয়ের পাঠদান ও শিক্ষা ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে।

‎বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয় বিদ্যালয়টি। ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ৫৪ জন শিক্ষার্থী অংশ নিয়ে ২৯ জন পাস করেছিল। অর্থাৎ, গত বছর অর্ধেকের বেশি পরীক্ষার্থী উত্তীর্ণ হলেও এবার একজনও পাস করেনি।


‎গতকাল সোমবার বেলা আড়াইটার দিকে বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষক কহিনুর বেগমকে পাওয়া যায়নি। কয়েকজন শিক্ষককে অফিসকক্ষে বসে থাকতে দেখা যায়। শ্রেণিকক্ষগুলোতে ছিল ১৫-১৬ জন শিক্ষার্থী।

‎প্রধান শিক্ষক কহিনুর বেগমের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়। তবে বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল খালেক বলেন, ‘এবার আমাদের বাচ্চারা একটু ভীতু ছিল। সিসি ক্যামেরা ছিল, ভয়ে শিক্ষার্থীরা এমন ফল করেছে। আশা রাখি, আগামী দিনে ভালো করবে।’

‎আরও এক সহকারী শিক্ষক মুশফিকুর রহমান বলেন, ‘আমাদের এটা প্রত্যন্ত অঞ্চল, সে কারণে শিক্ষার্থী ও অভিভাবকেরা অসচেতন। তার ওপর সিসি ক্যামেরার ভয়ে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পরীক্ষা ভালো দিতে পারেনি। এটাই হচ্ছে মূলত তাদের ফেল করার কারণ। ইতিপূর্বে কোনো সমস্যা ছিল না। তারা সুন্দরভাবে পরীক্ষায় অংশগ্রহণ করে পরীক্ষা দিয়েছে, পরীক্ষায় পাসও আছে।’

‎স্থানীয় যুবক সবুজ মিয়া বলেন, ‘৯ জন শিক্ষক থাকার পরও ১৮ জন পরীক্ষার্থীর একজনও পাস না করার কারণ কী? শিক্ষার্থীদের পাঠদানে কোথাও ঘাটতি ছিল কি না, তা খতিয়ে দেখা দরকার। আমরা চাই, কারও গাফিলতির কারণে বিদ্যালয়টি যেন ধ্বংস হয়ে না যায়।’

‎একই ইউনিয়নে কুমারপুর উচ্চবিদ্যালয়ের পাশেই ঘাষিপুর উচ্চবিদ্যালয়। সেখানেও এবার এসএসসিতে শূন্য ফল। ২০২৬ সালে বিদ্যালয়টি থেকে ১৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে কেউই পাস করতে পারেনি। অথচ ২০২৫ সালে ২০ জনের মধ্যে ১১ জন উত্তীর্ণ হয়েছিল।

‎২০০১ সালে প্রতিষ্ঠিত ঘাষিপুর উচ্চবিদ্যালয় ২০২২ সালে এমপিওভুক্ত হয়। বিদ্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে চারজন এমপিওভুক্ত শিক্ষক নিয়মিত দায়িত্ব পালন করছেন। শিক্ষক-সংকটের কারণে পাঠদান ব্যাহত হচ্ছে বলে দাবি বিদ্যালয় কর্তৃপক্ষের।

‎বেলা ৩টার দিকে বিদ্যালয়ে গিয়ে ছয় থেকে সাতজন শিক্ষার্থীকে শ্রেণিকক্ষে দেখা যায়। শিক্ষকেরা ছিলেন অফিসকক্ষে। সব পরীক্ষার্থী ফেল করার বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক মোস্তাফিজার রহমান প্রতিবেদকের ওপর চড়াও হন। পরে তিনি মোবাইল ফোনে বলেন, ‘এবার শিক্ষার্থীরা একটু দুর্বল ছিল। আগামী দিনে আমরা ভালো করব। আমার নতুন এমপিওভুক্ত স্কুল, মাত্র চারজন শিক্ষক। এটা একটা বড় সমস্যা। এ কারণে স্কুলটা জরাজীর্ণ।’

‎স্থানীয় বাসিন্দা রোস্তম মিয়া বলেন, জনসচেতনতার অভাবে এমন হতে পারে। এলাকার অভিভাবকেরা সচেতন হলে শূন্য ফল হতো না।

‎মিলন নামের আরও এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘শূন্য ফলের জন্য শিক্ষকেরাও দায়ী। শিক্ষকেরা পাঠদানে সচেতন হলে প্রতিষ্ঠান দুটিতে এমন হতো না। আমরা চাই, স্কুলগুলোতে ভালো পাঠদানের পরিবেশ ফিরে আসুক।’

‎দুটি বিদ্যালয়ের ফলাফল সামনে আসার পর প্রশ্ন উঠেছে শিক্ষার্থীদের দুর্বলতা, অভিভাবকদের অসচেতনতা কিংবা সিসি ক্যামেরা নিয়ে। এসব কি শূন্য ফলের কারণ, না এর পেছনে রয়েছে নিয়মিত পাঠদান, শিক্ষক উপস্থিতি, শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি ও দুর্বল শিক্ষার্থীদের বাড়তি সহায়তার ঘাটতি? বিশেষ করে, ৯ জন শিক্ষক থাকা কুমারপুর উচ্চবিদ্যালয়ে ১৮ পরীক্ষার্থীর সবাই ফেল করায় বিষয়টি খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

‎পীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম বলেন, ‘যে দুটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কেউ পাস করেনি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শোকজ করা হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিস্তারিত লিখে পাঠাব, যেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়।’

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...