
খুলনা ব্যুরো
খুলনার ডুমুরিয়া উপজেলার বরাতিয়া এলাকায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে অজ্ঞাত একটি ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৪ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার খর্ণিয়া ব্রিজ সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামছুজ্জামান (৪০) সাতক্ষীরা জেলার তালা উপজেলার সরুলিয়া গ্রামের বাসিন্দা এবং মো. আজিবর সরদারের ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। আহত মনিরুল ইসলাম (৫০) একই এলাকার বাসিন্দা। তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শামছুজ্জামান ও মনিরুল ইসলাম মোটরসাইকেলে খুলনা থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে যাচ্ছিলেন। খর্ণিয়া ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি অজ্ঞাত ড্রাম ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
খবর পেয়ে ডুমুরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহত দুজনকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শামছুজ্জামানকে মৃত ঘোষণা করেন। আহত মনিরুল ইসলামের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ডুমুরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার মো. আসাদুজ্জামান জানান, দুর্ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে আহতদের দ্রুত হাসপাতালে পৌঁছে দেয়। পরে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য খুলনা-সাতক্ষীরা মহাসড়কে যান চলাচলে ধীরগতি সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
খর্ণিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, দুর্ঘটনার সঙ্গে জড়িত পালিয়ে যাওয়া ড্রাম ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।





