
এম রোমানিয়া, খুলনা ব্যুরো
খুলনা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের তৎপরতায় উদ্ধার হওয়া ৫০টি হারিয়ে যাওয়া ও চুরি হওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) খুলনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো মালিকদের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ তাজুল ইসলাম।
ফোন হস্তান্তর অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, মোবাইল ফোন হারিয়ে গেলে বা চুরি হলে বিলম্ব না করে দ্রুত নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা প্রয়োজন। সময়মতো অভিযোগ জানানো হলে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল প্রযুক্তির সহায়তায় দ্রুত অনুসন্ধান কার্যক্রম শুরু করতে পারে এবং হারানো ডিভাইস উদ্ধারের সম্ভাবনা বৃদ্ধি পায়।
তিনি আরও বলেন, প্রযুক্তিনির্ভর অপরাধ প্রতিরোধ ও নাগরিকদের সেবা নিশ্চিত করতে খুলনা জেলা পুলিশ ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও সাইবার অপরাধ দমন এবং হারানো মোবাইল উদ্ধারে জেলা পুলিশের কার্যক্রম আরও জোরদার করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনিসুজ্জামান, আবির সিদ্দিকী শুভ্র এবং অপু মন্ডল। এছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিক এবং মোবাইল ফোনের প্রকৃত মালিকরা অনুষ্ঠানে অংশ নেন।
দীর্ঘদিন পর হারিয়ে যাওয়া প্রিয় মোবাইল ফোন ফিরে পেয়ে উপকারভোগীরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের মতে, পুলিশের আন্তরিক প্রচেষ্টা ও প্রযুক্তিগত দক্ষতার ফলেই হারিয়ে যাওয়া মোবাইলগুলো পুনরুদ্ধার সম্ভব হয়েছে।
খুলনা জেলা পুলিশের এই উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে আস্থা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর জনসেবা কার্যক্রমকে আরও বেগবান করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।





