
নিজস্ব প্রতিবেদমক
চলতি বছরের আগস্ট মাসে বহুল প্রতীক্ষিত ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলমন্ত্রী শেখ রবিউল আলম।
শনিবার (২০ জুন) দুপুরে পাবনা সার্কিট হাউসে জেলা প্রশাসন ও সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
মন্ত্রী বলেন, চলতি বছরের আগস্ট মাসে দুটি নতুন রুটে ট্রেন চলাচল শুরু হবে। এর মধ্যে প্রথম পর্যায়ে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন। পরবর্তীতে ঢাকা-খুলনা সরাসরি ট্রেন চলাচলও শুরু করা হবে। এ জন্য প্রয়োজনীয় লোকোমোটিভ প্রস্তুত রয়েছে এবং খুব শিগগিরই নতুন কোচ যুক্ত হবে।
কাজিরহাট ফেরিঘাট স্থানান্তর প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রকল্প বাস্তবায়নের প্রাথমিক কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। ফিজিবিলিটি স্টাডি ও উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়নের কাজ সম্পন্ন হয়েছে। তিনি বলেন, এটি পাবনাবাসীর দীর্ঘদিনের দাবি এবং জনস্বার্থ সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। তাই সরকার দ্রুত বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।
পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মালিক-শ্রমিকদের সঙ্গে সমন্বিত উদ্যোগের মাধ্যমে পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা হবে। কোনো বিশেষ গোষ্ঠীকে প্রাধান্য দেওয়া হবে না; বরং জনস্বার্থ ও জনআকাঙ্ক্ষাকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
তিনি আরও বলেন, খুব শিগগিরই দেশে আন্তর্জাতিক মানের ‘মাল্টি-মোডাল’ যোগাযোগ ব্যবস্থা দৃশ্যমান হবে।
এ সময় পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, পাবনা-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মণ্ডল, পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরেফা সুলতানা রুমা, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার মো. ছুফি উল্লাহসহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





