
রাজধানীর যানজট কমানো এবং সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১৫ জুন) দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। বৈঠক শেষে ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকরা সাংবাদিকদের এ তথ্য জানান।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে এবং গুলিস্তান বাস টার্মিনাল কেরানীগঞ্জে স্থানান্তর করা হবে। এ লক্ষ্যে ইতোমধ্যে উপযুক্ত জমি চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। জমি অধিগ্রহণ ও অবকাঠামো নির্মাণের কার্যক্রম দ্রুত শুরু হবে বলেও তিনি জানান।
অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন বলেন, মহাখালী বাস টার্মিনালকে পূর্বাচলে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। নতুন টার্মিনাল নির্মাণের মাধ্যমে রাজধানীর অভ্যন্তরে দূরপাল্লার বাসের চাপ কমানো এবং যানবাহন চলাচল আরও সুশৃঙ্খল করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রাজধানীর প্রবেশমুখে আধুনিক ও পরিকল্পিত বাস টার্মিনাল গড়ে তোলার মাধ্যমে যানজট নিরসন, যাত্রীসেবা উন্নয়ন এবং নগর পরিবহন ব্যবস্থার আধুনিকায়ন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। এ সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া হবে।





