
খুলনা ব্যুরো
মহানগরীতে অপরাধ নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা জোরদারের লক্ষ্যে বিশেষ যৌথ অভিযান পরিচালনা করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ৬২ জনকে গ্রেফতার করা হয়েছে।
কেএমপি সূত্রে জানা গেছে, পুলিশ কমিশনারের সার্বিক নির্দেশনায় মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ (ডিবি) যৌথভাবে ৫ জুন সন্ধ্যা ৬টা থেকে ৬ জুন সকাল ১০টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃতদের মধ্যে খুলনা থানায় ১৬ জন, সোনাডাঙ্গা মডেল থানায় ১১ জন, লবণচরা থানায় ১০ জন, হরিণটানা থানায় ১ জন, খালিশপুর থানায় ১৩ জন, দৌলতপুর থানায় ১ জন, আড়ংঘাটা থানায় ২ জন, খানজাহান আলী থানায় ৬ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ২ জনকে গ্রেফতার করে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট অপরাধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। তাদের আদালতে সোপর্দ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
কেএমপি কর্মকর্তারা বলেন, মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ব্যবসা, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে শান্তিপূর্ণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে পুলিশ আরও তৎপর ভূমিকা পালন করবে।
পুলিশের দাবি, চলমান এসব অভিযানের মাধ্যমে অপরাধ প্রবণতা কমানোর পাশাপাশি নগরবাসীর মধ্যে নিরাপত্তাবোধ বৃদ্ধি পাবে।





