
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এ জাতীয় পর্যায়ে দুর্দান্ত সাফল্য অর্জন করেছে সিলেটের গোয়াইনঘাট উপজেলার লংলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়। সিলেট বিভাগের প্রতিনিধিত্বকারী দলটি প্রথম ম্যাচেই শক্তিশালী ঢাকা বিভাগকে পরাজিত করে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে।
জাতীয় পর্যায়ের এই গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অসাধারণ নৈপুণ্য, দলগত সমন্বয় ও আত্মবিশ্বাসী পারফরম্যান্স দর্শকদের মুগ্ধ করেছে। ঢাকা বিভাগের বিপক্ষে জয় শুধু একটি ম্যাচের সাফল্য নয়, বরং গোয়াইনঘাট তথা সমগ্র সিলেট বিভাগের জন্য গর্বের এক অনন্য অর্জন।
বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই সাফল্য এসেছে বলে মনে করছেন স্থানীয়রা। ক্ষুদে ফুটবলারদের এই কৃতিত্ব আগামী দিনে আরও বড় সাফল্যের পথে অনুপ্রেরণা হয়ে থাকবে।
লংলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এ ঐতিহাসিক অর্জনে গোয়াইনঘাটের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
সেমিফাইনালেও দলের ধারাবাহিক সাফল্য কামনা করেছেন ক্রীড়াপ্রেমী ও সচেতন মহল। গোয়াইনঘাটবাসীর প্রত্যাশা, জাতীয় পর্যায়ে আরও উজ্জ্বল পারফরম্যান্সের মাধ্যমে বিদ্যালয়টি সিলেট বিভাগের সম্মান অক্ষুণ্ণ রাখবে।





