
এস এইচ খোকন, ফেনী
ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণ, আমানতের নিরাপত্তা নিশ্চিতকরণ, গ্রাহকদের স্বার্থ সংরক্ষণ এবং গ্রাহকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে ফেনীতে মানববন্ধন ও কলম বিরতি কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (০৪ জুন ২০২৬) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ইসলামী ব্যাংক বিভিন্ন শাখা উপশাখার সামনে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম, ফেনীর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। একই সময়ে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে এক ঘণ্টার কলম বিরতিও পালন করা হয় বলে আয়োজকরা জানান।
কর্মসূচির অংশ হিসেবে ব্যাংকের বিভিন্ন শাখার সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন হাফিজ আহমদ, রবিউল, সিরাজুল ইসলাম, আতাউর রহমান, ওসমান গণি ও ইউসুফ ইসলামসহ অন্যান্য গ্রাহক প্রতিনিধিরা।
বক্তারা তাদের বক্তব্যে ইসলামী ব্যাংকে নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান খুরশিদ আহমদের অপসারণের দাবি জানান। পাশাপাশি তারা আমানতকারীদের অর্থের নিরাপত্তা নিশ্চিত করা, গ্রাহকদের স্বার্থ রক্ষা এবং ঢাকায় গ্রাহকদের ওপর সংঘটিত পুলিশি হামলার নিন্দা জানান।
সমাবেশ থেকে ব্যাংকটি জনগণের আস্থা ও বিশ্বাসের জায়গায় ফিরিয়ে আনার আহ্বান জানানো হয়।





