
সৈয়দ নুর আহসান, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদী উপজেলার চাদশী ইউনিয়নে মাদক প্রতিরোধে এক বিশেষ অভিযান পরিচালনা করে এক মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (০৪ জুন) এ অভিযান পরিচালিত হয়। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগ ছিল, অভিযুক্ত ব্যক্তি স্ত্রী না থাকার অজুহাতে দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিলেন এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করছিলেন। আজ স্থানীয় নারী-পুরুষের সেই অভিযোগের ভিত্তিতে তাকে হাতেনাতে আটক করা হয়।
পরবর্তীতে গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করে আইন অমান্যকারী ওই মাদকসেবীকে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২,০০০ (দুই হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় মাদক নির্মূল ও জনস্বার্থে এ ধরনের কঠোর ও প্রশংসনীয় অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।





