
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে ২০২৫-২৬ অর্থবছরে উপজেলা উন্নয়ন তহবিলের অর্থায়নে ইউনিয়ন পর্যায়ে গবাদিপশুকে বিনামূল্যে লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) টিকা প্রদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে উপজেলার চিওড়া ইউনিয়নের ঝাটিয়ারখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের।
চৌদ্দগ্রাম উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন সাগরের সভাপতিত্বে এবং উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন ডা. মো. লাভলু মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা খোরশেদ আলম, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজি, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. নাহিদ হাসান, জাতীয় নাগরিক পার্টির উপজেলা প্রধান সমন্বয়ক মামুন মজুমদার, যুগ্ম সমন্বয়ক মো. খালেদ রায়হানসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, লাইভস্টক সার্ভিস প্রোভাইডার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও খামারিরা।
উদ্বোধনী বক্তব্যে ডা. আব্দুল্লাহ আল মামুন সাগর বলেন, লাম্পি স্কিন ডিজিজ গবাদিপশুর জন্য একটি মারাত্মক ভাইরাসজনিত চর্মরোগ, যা খুব দ্রুত এক পশু থেকে অন্য পশুতে ছড়িয়ে পড়ে। বিশেষ করে মশা-মাছির বংশবৃদ্ধির মৌসুমে এই রোগের প্রকোপ বেশি দেখা যায়।





