
খুলনা ব্যুরো
খুলনায় জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রয়েছে—সরকারি এমন আশ্বাসের বিপরীতে নগরীর বিভিন্ন পেট্রোল পাম্পে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। অধিকাংশ পাম্পে তৈরি হয়েছে দীর্ঘ সারি, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও তেল না পেয়ে ফিরছেন বহু গ্রাহক। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
নগরীর পাওয়ার হাউস মোড়ের কেসিসি পেট্রোলিয়াম, নিউ মার্কেট এলাকার মেট্রো ফিলিং স্টেশন, জয়বাংলা মোড়ের মারিয়া ফিলিং স্টেশন, খালিশপুর নতুন রাস্তা মোড়ের এলেনা ফিলিং স্টেশন এবং লবণচরা-খাজুরা এলাকার আল-আরাফা ফিলিং স্টেশনসহ গুরুত্বপূর্ণ পাম্পগুলোতে একই চিত্র দেখা গেছে। এসব পাম্পের সামনে মোটরসাইকেল, সিএনজি, মাইক্রোবাস ও প্রাইভেটকারের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে।
ভুক্তভোগীদের অভিযোগ, ২ থেকে ৩ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও অনেকেই তেল সংগ্রহ করতে পারছেন না। এতে কর্মজীবী মানুষ ও পরিবহন চালকদের দৈনন্দিন কাজে মারাত্মক বিঘ্ন ঘটছে। ক্ষোভ প্রকাশ করে কিছু গ্রাহক পাম্পে অগ্নিসংযোগের হুমকি দিয়েছেন বলেও জানা গেছে।
তবে পাম্প মালিকদের দাবি, দেশে জ্বালানি তেলের কোনো প্রকৃত সংকট নেই। তাদের মতে, কিছু অসাধু ও অতিরিক্ত উৎসাহী যানবাহন মালিক প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ করে বাসায় মজুত করছেন। আবার কেউ কেউ কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে অতিরিক্ত তেল নিচ্ছেন, যার ফলে কৃত্রিম সংকট সৃষ্টি হচ্ছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে তদারকি জোরদার করা জরুরি। বিশেষজ্ঞদের মতে, পাম্প পর্যায়ে কঠোর নজরদারি, নির্দিষ্ট পরিমাণে তেল বিক্রির ব্যবস্থা এবং কালোবাজারির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করলে সংকট অনেকাংশে কমানো সম্ভব।
এদিকে দ্রুত এ পরিস্থিতির সমাধান ও নির্বিঘ্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগের প্রত্যাশা জানিয়েছেন সাধারণ মানুষ।





