দুমকিতে খাল খননের দাবিতে কৃষকরা, পানির অভাবে বোরো চাষে বাড়ছে ব্যয়

Date:

spot_img

সহিদুল ইসলাম, ‎পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর দুমকি উপজেলায় চলতি বোরো মৌসুমে ধানের আবাদ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেলেও পানির সংকটের কারণে উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন কৃষকরা। দ্রুত খাল খননের দাবি জানিয়েছেন তারা।

উপজেলার পাঁচটি ইউনিয়নে বোরো ধানের আবাদ হলেও লেবুখালী, আঠারোগাছিয়া, কার্তিকপাশা, শ্রীরামপুর ও বাদুয়া শ্রীরামপুর এলাকায় বেশি চাষাবাদ হয়েছে। কৃষকরা পৌষের শেষে বীজতলায় চারা উৎপাদন করে মাঘের মাঝামাঝি সময়ে জমিতে রোপণ করেছেন। বর্তমানে ক্ষেতজুড়ে সবুজের সমারোহ দেখা যাচ্ছে; কোথাও ধান বেরিয়েছে, কোথাও গামর আসতে শুরু করেছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ৩১১ হেক্টর জমিতে বোরো আবাদ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও বাস্তবে তা ছাড়িয়ে গেছে।

সরেজমিনে দেখা যায়, কার্তিকপাশা, আঠারোগাছিয়া, শ্রীরামপুর, মুরাদিয়া, আঙ্গারিয়া ও পাঙ্গাশিয়া এলাকায় ব্যাপক বোরো চাষ হয়েছে। কৃষকরা জানান, কৃষি অফিসের পরামর্শে বোরো চাষে আগ্রহ বাড়ছে। তবে পানির সংকট থাকলেও অনুকূল আবহাওয়া ও সময়মতো বৃষ্টির কারণে ভালো ফলনের আশা করছেন তারা।

কার্তিকপাশা গ্রামের কৃষক রফিকুল ইসলাম বলেন, “এ বছর ১০০ শতাংশ জমিতে ব্রি ধান-৮৯ ও ৭৪ চাষ করেছি। গত বছরের চেয়ে ফলন বেশি হওয়ার আশা করছি।” একই এলাকার কৃষিবিদ শুভঙ্কর চন্দ্র শীল বলেন, “আমাদের এলাকায় বর্ষায় জলাবদ্ধতা ও শুষ্ক মৌসুমে পানির অভাব—দুটোই সমস্যা। তাই খাল খনন জরুরি।”

আঠারোগাছিয়ার কৃষক কবির হোসেন সিকদার জানান, তিনি দীর্ঘ ৮ বছর ধরে বোরো চাষ করছেন এবং এবার ব্রি ধান-১০১ আবাদ করেছেন। তিনিও ভালো ফলনের আশা করছেন।

তবে কৃষকদের অভিযোগ, এলাকার খালগুলো মরে যাওয়ায় সেচ সংকট তীব্র হয়েছে। দূর থেকে পাইপলাইন ও বিদ্যুৎ লাইন টেনে পানি আনতে অতিরিক্ত খরচ হচ্ছে। পাশাপাশি সরকারি সহায়তায় কৃষিযন্ত্র সরবরাহের দাবিও জানিয়েছেন তারা।

উপসহকারী কৃষি কর্মকর্তা মো. হাবিবুর রহমান বলেন, মাঠ পর্যায়ে গিয়ে কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে।

দুমকি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইমরান হোসেন জানান, “কৃষি প্রণোদনার আওতায় ১০০ জন কৃষককে বিনামূল্যে বীজ ও সার দেওয়া হয়েছে। তবে প্রধান সমস্যা পানি। খাল খনন ও স্লুইসগেট মেরামত করা হলে বোরোসহ সব ধরনের ফসল উৎপাদন সহজ হবে।”

কৃষকদের দাবি, দ্রুত মরা খাল খনন ও পানি ব্যবস্থাপনা নিশ্চিত করা না হলে বোরো চাষে আগ্রহ কমে যেতে পারে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...