
শেখ শোভন আহমেদ
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বসতবাড়ির সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার নিজামকান্দি ইউনিয়নের ফলসি গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের ওসমান ফকির ও রহমান ফকিরের মধ্যে দীর্ঘদিন ধরে জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার সকালে প্রাচীর নির্মাণ করতে গেলে দুই পরিবারের সদস্যদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি এবং পরে সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয়পক্ষ দেশীয় অস্ত্র ও লাঠিসোটা ব্যবহার করে।
সংঘর্ষে আহতদের মধ্যে গুরুতর ৭ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর ৩ জনকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোরশেদ আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।





