
শেখ শোভন আহমেদ
গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে ১৭৯ বোতল ফেন্সিডিল সাদৃশ্য মাদকদ্রব্য (WINCEREX)সহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬।
শনিবার গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়ানী উপজেলার একটি নির্দিষ্ট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬)। এসময় মাদক পরিবহন ও বিক্রির সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১৭৯ বোতল ফেন্সিডিল সাদৃশ্য মাদকদ্রব্য (WINCEREX) উদ্ধার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল এবং গোপনে বিভিন্ন স্থানে এসব মাদক সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
র্যাব-৬ আরও জানায়, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং সমাজকে মাদকমুক্ত করতে তারা কঠোর অবস্থানে রয়েছে।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা র্যাবের এমন অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন।





