
তুহিন ফরাজী, ভোলা প্রতিনিধি
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ১৫৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও জননেতা আলহাজ্ব হাফিজ ইব্রাহিম।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মনোরঞ্জন বর্মন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, স্কুল ফিডিং কর্মসূচি শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি, ঝরে পড়া রোধ এবং পুষ্টি নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা পুষ্টিকর খাবার পেয়ে শারীরিক ও মানসিকভাবে আরও সুস্থভাবে বেড়ে উঠবে বলে আশা প্রকাশ করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে সরকারের এমন জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেন এবং সংশ্লিষ্টদের সঠিকভাবে কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানান।
উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে এই কর্মসূচি চালু হওয়ায় অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে। স্থানীয়রা মনে করছেন, এ উদ্যোগ শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।





