
আজাদ হোসেন, চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দর্শনায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দেশের ৫৬ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) প্রত্যুষে সূর্যোদয়ের সঙ্গে সকাল থেকেই দিনটি ঘিরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠন দিনভর নানা আয়োজনে দিবসটি উদযাপন করে। একই ভাবে এদিনের প্রত্যূষে দর্শনা পৌর বিএনপি ও সকল অংগ ও সহযোগী সংগঠন গুলো বিভিন্ন কর্মসূচি পালন করে।
এদিন সকাল ৯ টার সময় দর্শনা পুরাতন বাজারস্থ পৌর বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
এরপর সকাল ১০টায় স্বাধীনতা দিবস উপলক্ষে দর্শনা পৌর বিএনপির অন্যতম সমন্বয়ক আলহাজ্ব মশিউর রহমানের নেতৃত্বে দর্শনা শহরে একটি বিশাল ও বর্ণাঢ্য মিছিল বের করা হয়। মিছিল শেষে কেরু চিনিকল স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
এরপর বিকালে দর্শনা পৌর বিএনপির কার্যালয়ে “মহান স্বাধীনতা দিবসে স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার ভূমিকা” শীর্ষক আলোচনা সভা দর্শনা পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র মহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথী হিসাবে বক্তব্য রাখেন দর্শনা পৌর বিএনপির অন্যতম সমন্বয়ক আলহাজ্ব মশিউর রহমান।
এসময় তিনি বলেন,২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় ও ঐতিহাসিক দিন। এই দিনে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সূর্যসন্তানদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। একইসঙ্গে আমি মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা, নির্যাতিতা মা, বোন ও স্বাধীনতা সংগ্রামে আত্মনিবেদিত সবাইকে গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি এবং সব শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। তিনি বলেন, মহান স্বাধীনতা দিবস আমাদের জীবনে সাহস, আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে। আমাদের প্রিয় মাতৃভূমির অগ্রগতি ও উন্নয়নের ধারাকে আরও বেগবান করতে জাতীয় ঐক্য, পারস্পরিক সহনশীলতা এবং দেশপ্রেমের চেতনাকে হৃদয়ে ধারণ করতে হবে। আসুন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য থেকে শিক্ষা নিয়ে আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে দেশের কল্যাণে আত্মনিয়োগ করি। একটি উন্নত, সমৃদ্ধ ও মর্যাদাশীল বাংলাদেশ গড়ে তুলতে আমরা সম্মিলিতভাবে কাজ করি।
আলোচনা সভায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন জেলা জাতীয়তাবাদী শ্রমিকদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তরফদার সাবু, বক্তব্য রাখেন দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক মাহবুবুল ইসলাম খোকন, মহিদুল ইসলাম, দর্শনা পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি সাংবাদিক আজাদ হোসেন, দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির সভাপতি বিএনপি নেতা তোফাজ্জল হোসেন, সমন্বয়ক রেজাউল ইসলাম, এসময় উপস্থিত ছিলেন হাজী মোখলেছুর রহমান, দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক বিএনপি নেতা আজিজুল ইসলাম, আব্দুল কাদের, আজিজুল হক প্রমুখ।
সবশেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।





