
কাশিয়ানী প্রতিনিধি
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বুধবার পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী সা: উদযাপিত হয়েছে।
বিশ্বনবী হযরত মুহাম্মদ সা: এর জন্ম ও ওফাত দিবস উপলক্ষে সকাল থেকেই শিক্ষক-শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে উপজেলার প্রতিটি বিদ্যালয় প্রাঙ্গণ।
দিবসটি উপলক্ষে বিদ্যালয়গুলোতে জাতীয় পতাকা উত্তোলন, কোরআন তেলাওয়াত, হামদ-নাত ও গজল পরিবেশন, রাসুল সা: এর জীবনী নিয়ে আলোচনা এবং দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়। শিক্ষার্থীরা নতুন পোশাক পরে অনুষ্ঠানে অংশগ্রহণ করে।
উপজেলার কামারোল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খাগড়াবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ উপলক্ষে বিশেষ কর্মসূচি পালিত হয়। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে কুরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশন করে।
কামারোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ রাবেয়া খানম বলেন,”আমরা আমাদের শিক্ষার্থীদের নিয়ে অত্যন্ত আনন্দের সাথে দিবসটি পালন করছি। শিক্ষার্থীরা আজ খুব সুন্দরভাবে কুরআন তেলাওয়াত ও গজল করেছে। আমরা তাদের মহানবী হযরত মুহাম্মদ সা: এর জীবনী সম্পর্কে আলোচনা করেছি। আমার কামনা তারা নবীর আদর্শ থেকে শিক্ষা নিয়ে বাস্তব জীবনে তা প্রয়োগ করবে।”
তিনি আরও বলেন, শিশুদের ছোটবেলা থেকেই নবীর সুন্নত ও মানবতার শিক্ষা দিলে তারা ভবিষ্যতে সুনাগরিক হিসেবে গড়ে উঠবে।
স্থানীয় শিক্ষকরা জানান, প্রতি বছরই বিদ্যালয়গুলোতে ধর্মীয় দিবসগুলো গুরুত্বের সাথে পালন করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ, শৃঙ্খলা ও নৈতিকতার চর্চা তৈরি হয়।
অনুষ্ঠান শেষে বিশ্ব শান্তি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।





