
গাজীপুর প্রতিনিধি
গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে জেলার মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি ও আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ (শ্রীপুর) আসনের সংসদ সদস্য ডা. মাজহারুল ইসলাম বাচ্চু, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান এবং গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার।
প্রধান অতিথির বক্তব্যে এ কে এম ফজলুল হক মিলন বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের দেশের ভবিষ্যৎ ও দেশ গড়ার কারিগর।” তিনি শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও মনোযোগী হয়ে দেশের উন্নয়ন ও সেবায় নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।
তিনি গাজীপুর জেলা পরিষদকে এ ধরনের মহৎ উদ্যোগ গ্রহণের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদানের এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখা উচিত।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জনের জন্য তাদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। পাশাপাশি সমাজ থেকে মাদক নির্মূলে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, “মাদক সমাজের জন্য একটি বড় অভিশাপ। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সবাইকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং মাদককে ‘না’ বলতে হবে।”
তিনি আরও উল্লেখ করেন, অতীতে এ ধরনের উদ্যোগ খুব একটা দেখা যায়নি। এজন্য শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোয় জেলা পরিষদকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।
অনুষ্ঠানে গাজীপুর জেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, অভিভাবক এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের হাতে শিক্ষা বৃত্তি ও আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হয়।





