
আসাদুজ্জামান বাবুল
খুলনা- বরিশাল মহাড়কের গোপালগঞ্জের চামটা এলাকায় দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাতে গোপালগঞ্জ সদর উপজেলার চামটা বেদেপল্লী এলাকার সামনে ঘটে যাওয়া এই হৃদয়বিদারক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নিহতদের পরিবার, স্বজন ও এলাকাবাসীর মাঝে। একই সঙ্গে আবারও সামনে এসেছে সড়কে বেপরোয়া গতি, অসচেতন চালনা এবং নিরাপত্তাহীনতার নির্মম চিত্র।
আজ শনিবার (২৫ জুলাই) বিকাল ৫টার দিকে গোপালগঞ্জ সদর থানাধীন বৌলতলী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার ২৪জুলাই রাতে ঘটে যাওয়া দুর্ঘটনার নিহতরা হলেন—মুকসুদপুর উপজেলার সিন্দিয়াঘাট এলাকার অসিত কুন্ডুর ছেলে অচিন্ত্য কুন্ডু (২৫), মাদারীপুর জেলার রাজৈর উপজেলার পূর্ব নাগরদী গ্রামের মনিন্দ্রনাথ বাড়ৈর ছেলে উজ্জ্বল বাড়ৈ (৩৫) এবং একই উপজেলার গোয়ালকান্দি গ্রামের শাহীন বেপারীর ছেলে ফয়সাল বেপারী (২০)।
আমিনুল ইসলাম বলেন, অচিন্ত্য কুন্ডু ও উজ্জ্বল বাড়ৈ নামে দুই যুবক একটি মোটরসাইকেলে করে গোপালগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। একই সময় বিপরীত দিক থেকে টেকেরহাটের দিকে যাচ্ছিলেন ফয়সাল বেপারী। তারা চামটা বেদেপল্লী এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অচিন্ত কুন্ড ঘটনাস্থলে মারা যায়।
গুরুতর আহত উজ্জ্বল বাড়ৈ ও ফয়সাল বেপারীকে উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি হলে ফয়সাল বেপারীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যায়। চিকিৎসাধীন অবস্থায় রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উজ্জ্বল বাড়ৈ মারা যায়।





