
সাতক্ষীরা প্রতিনিধি
বুধবার দুপুরের পর থেকে হঠাৎ করেই সাতক্ষীরার ফিলিং স্টেশন গুলোতে পূর্বের ন্যায় মোটরসাইকেল ও প্রাইভেট কারের দীর্ঘসারী লক্ষ্য করা গেছে।
সাতক্ষীরা শহরের এ বি ফিলিং স্টেশন , ছয়ঘড়িয়া লস্কর ফিলিং স্টেশন, ঝাউডাঙ্গা ফিলিং স্টেশন , কলারোয়ার হোসেন ফিলিং স্টেশন, সোনিয়া পেট্রোল পাম্প ও ইউরেকা ফিলিং স্টেশন ঘুরে দেখা যায় সেখানে বাইকাররা পেট্রোল এবং অকটেন নেওয়ার জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে।
হঠাৎ করেই কেন এভাবে সবাই জ্বালানি তেল নেয়ার জন্য দাঁড়িয়ে আছেন জানতে চাইলে লাইনে দাঁড়িয়ে থাকা সুব্রত বলেন, শুনেছি আগামীকাল থেকে আবার তেল পাওয়া যাবে না তাই ছুটে এসেছি। ট্যাংকি ভর্তি করে নিয়েছি। বাড়িতে যাচ্ছি আমার ড্রাম নিয়ে আসবো। এ ব্যাপারে পাম্পের ম্যানেজার রফিক বলেন, আমরা বুঝতে পারছি না কেন হঠাৎ করে মানুষ এভাবে পেট্রোল, অকটেন নিচ্ছে।
তিনি বলেন, আমি অনুরোধ করব আপনারা সঠিক তথ্য না জেনে অহেতুক ডিজেল পেট্রোল অকটেন মজুদ করবেন না। যতদূর জানি আমাদের পাম্প এবং ডিপোতে পর্যাপ্ত জ্বালানি রয়েছে। সরকারের যথাযথ নির্দেশনা না পেয়ে আপনারা গুজবে কান দিবেন না।





