ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতেই সড়কে হাঁটুসমান পানি!

Date:

spot_img

ঝালকাঠি ব্যুরো

দীর্ঘ ১৪ বছরেও সংস্কার না হওয়ায় ঝালকাঠি শহরের কবিরাজ বাড়ি এলাকার খামার বাড়ি থেকে মুরসালিনের দোকান হয়ে বড়বাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়ক এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। খানাখন্দে ভরা এ সড়কে সামান্য বৃষ্টিতেই হাঁটুসমান পানি জমে সৃষ্টি হচ্ছে তীব্র জনদুর্ভোগ। জলাবদ্ধতার কারণে সড়কের পানি আশপাশের বসতবাড়িতেও প্রবেশ করছে।

দীর্ঘদিন ধরে সমস্যার স্থায়ী সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এর প্রতিবাদে (২০ জুলাই) সোমবার বিকেলে প্রায় আধাঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এ সময় সড়কে কচুগাছ রোপণ করে ব্যতিক্রমী প্রতীকী প্রতিবাদ জানান এলাকাবাসী।

প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা সরদার সাফায়াত হোসেন, শফিকুল ইসলাম সুজন, রুমা আক্তার, হারুন অর রশীদ, রিয়াজ হাওলাদার ও ইউনুস হাওলাদার। বক্তারা দ্রুত সড়কটির সংস্কার, কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ এবং স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনের দাবি জানান।

স্থানীয়দের ভাষ্য, প্রতিদিন এই সড়ক দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ হাজারো মানুষ যাতায়াত করেন। কিন্তু দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও বেহাল অবস্থার কারণে সড়কটি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই হাঁটুসমান পানি জমে চলাচল ব্যাহত হচ্ছে এবং দুর্ভোগ বাড়ছে।
তারা আরও জানান, সর্বশেষ ২০১২ সালে সড়কটির সংস্কার করা হয়েছিল। এরপর দীর্ঘ ১৪ বছর অতিবাহিত হলেও আর কোনো উন্নয়ন বা সংস্কারকাজ হয়নি।

এ বিষয়ে ঝালকাঠি পৌরসভার নির্বাহী প্রকৌশলী টি. এম. রেজাউল হক রিজভী বলেন, “ড্রেনেজ ব্যবস্থাসহ সড়কটি সংস্কারের জন্য ইতোমধ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। প্রকল্পের অর্থ এসআইবিএল ব্যাংকে সংরক্ষিত রয়েছে। তবে অর্থ ছাড় না হওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠান ইসলাম ব্রাদার্স কাজ শুরু করতে পারেনি। প্রকল্পটির মেয়াদও প্রায় শেষ পর্যায়ে। দ্রুত কাজ শুরু করতে আমরা সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় তাগিদ দিয়ে যাচ্ছি।”

স্থানীয় বাসিন্দারা দ্রুত প্রকল্পের অর্থ ছাড় ও সংস্কারকাজ শুরু করে দীর্ঘদিনের জনদুর্ভোগের অবসান ঘটাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...