
কাইয়ুম বাদশাহ, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ শীর্ষক কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির অর্থ, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) উপজেলার ইছামারী আর.সি. স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগী শিক্ষার্থীদের হাতে এসব সহায়তা তুলে দেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সঞ্জয় ঘোষ।
অনুষ্ঠানে মধ্যনগর উপজেলা শাখা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত শিক্ষার্থীদের মধ্যে ১২টি বাইসাইকেল, ৮টি সেলাই মেশিন এবং প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ৭৮ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃত্তির অর্থ বিতরণ করা হয়।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সঞ্জয় ঘোষ বলেন, সরকারের এ ধরনের সহায়তা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষায় অংশগ্রহণ বৃদ্ধি করার পাশাপাশি তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা চালিয়ে যাওয়ার পাশাপাশি নিজেদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।





