‎রংপুর ও রাজশাহী বিভাগের ৭৫ সাংবাদিক পেলেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান

Date:

spot_img

‎রংপুর ব্যুরো

‎রাষ্ট্র, সমাজ ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় সাংবাদিকদের ভূমিকা অপরিসীম উল্লেখ করে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান সামসুজ্জামান সামু বলেছেন, সাংবাদিকরা শুধু সংবাদ পরিবেশন করেন না, তারা সমাজের বিবেক হিসেবে কাজ করেন। সত্য, ন্যায় ও জনস্বার্থের পক্ষে নির্ভীক অবস্থান নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে তারা রাষ্ট্রে জবাবদিহিতা, স্বচ্ছতা ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই সাংবাদিকদের কল্যাণ ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব।

‎শনিবার (২৭ জুন) দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে)-এর যৌথ উদ্যোগে আয়োজিত সাংবাদিকদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎অনুষ্ঠানে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আওতায় রংপুর বিভাগের আট জেলার ৬৩ জন এবং রাজশাহী বিভাগের নওগাঁ ও জয়পুরহাট জেলার আরও ১২ জনসহ মোট ৭৫ জন সাংবাদিকের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হয়।

‎অনুদানপ্রাপ্তদের মধ্যে রংপুর জেলার ২২ জন, দিনাজপুর জেলার ১৮ জন, কুড়িগ্রাম জেলার ১১ জন, পঞ্চগড় জেলার ৭ জন, নীলফামারী জেলার ৫ জন, নওগাঁ জেলার ১ জন এবং জয়পুরহাট জেলার ১১ জন সাংবাদিক রয়েছেন। দীর্ঘদিন ধরে পেশাগত দায়িত্ব পালনকারী, অসুস্থ, আর্থিকভাবে অসচ্ছল ও বিভিন্ন প্রয়োজনে থাকা সাংবাদিকদের জন্য এ অনুদান প্রদান করা হয়।

‎প্রধান অতিথি সামসুজ্জামান সামু বলেন, গণমাধ্যম একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সমাজের অনিয়ম, দুর্নীতি, বৈষম্য ও জনদুর্ভোগ তুলে ধরে ইতিবাচক পরিবর্তনে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অনেক সময় নানা প্রতিকূলতা, ঝুঁকি ও সীমাবদ্ধতার মধ্যেও সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করেন। তাঁদের এই অবদানের যথাযথ মূল্যায়ন হওয়া উচিত।

‎তিনি বলেন, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সাংবাদিকদের চিকিৎসা, আর্থিক সহায়তা ও অন্যান্য কল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা সত্যিই প্রশংসার দাবিদার। এ ধরনের সহায়তা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং তাঁদের পাশে রাষ্ট্র রয়েছে—এই আস্থাও আরও দৃঢ় করবে।

‎সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন বলেন, গণমাধ্যম সমাজের আয়না। উন্নয়ন, সম্ভাবনা ও সমস্যার বাস্তব চিত্র জনগণের সামনে তুলে ধরার পাশাপাশি সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম মানুষের কাছে পৌঁছে দিতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও নৈতিক সাংবাদিকতা চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান।

‎অনুষ্ঠানে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপপরিচালক (প্রশাসন ও অর্থ) এবিএম রফিকুল ইসলাম ট্রাস্টের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই ট্রাস্ট অসুস্থ, অসচ্ছল, দুর্ঘটনাকবলিত এবং আর্থিক সংকটে থাকা সাংবাদিক ও তাঁদের পরিবারের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও সাংবাদিকদের কল্যাণে এ ধরনের কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

‎রংপুর সাংবাদিক ইউনিয়নের (আরপিইউজে) সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রমিজ আলম, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক, সম্মিলিত সাংবাদিক সমাজের আহ্বায়ক লিয়াকত আলী বাদল, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফুজুল হক রিপন, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রংপুর জেলা কমিটির সভাপতি মমিনুল ইসলাম রিপন, রংপুর রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম মানিক, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (টিসিএ) সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুকুল, কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের (প্রস্তাবিত) সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন লিটন, নীলফামারী সাংবাদিক ইউনিয়নের (প্রস্তাবিত) সাধারণ সম্পাদক রিপন ইসলাম শেখ এবং পঞ্চগড়ের প্রবীণ সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ।

‎অনুষ্ঠানে রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত সাংবাদিক নেতা, সম্পাদক, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে অতিথিরা অনুদানপ্রাপ্ত সাংবাদিকদের হাতে আনুষ্ঠানিকভাবে চেক তুলে দেন। এ সময় উপকারভোগী সাংবাদিকরা বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এ মানবিক উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেন। তারা বলেন, এ ধরনের সহায়তা সাংবাদিকদের আর্থিক সংকট মোকাবিলায় যেমন সহায়ক হবে, তেমনি পেশাগত দায়িত্ব পালনে তাদের মনোবলও বৃদ্ধি করবে।

‎অনুষ্ঠান শেষে সাংবাদিক নেতারা বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান কার্যক্রম আরও বিস্তৃত করার পাশাপাশি দেশের সব স্তরের সাংবাদিকদের কল্যাণে সহায়তার পরিধি বৃদ্ধি করার আহ্বান জানান।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...