
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
অতিরিক্ত লোডশেডিং ও অনিয়মিত বিদ্যুৎ সরবরাহের প্রতিবাদে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ১ নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নর মহিষখলা বাজারে বিক্ষোভ মিছিল ও অভিযোগ কেন্দ্র ঘেরাও কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।
গত শুক্রবার রাত প্রায় ৮টার দিকে অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্কুল-কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী, অভিভাবক, কৃষক, শ্রমজীবী মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। বিক্ষোভকারীরা মহিষখলা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় অভিযোগ কেন্দ্র ঘেরাও করে দ্রুত লোডশেডিং কমিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানান।
স্থানীয়দের অভিযোগ, দিনের অধিকাংশ সময়ই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। বিশেষ করে সন্ধ্যা ও রাতের সময়ে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থীদের পড়াশোনা, ব্যবসা-বাণিজ্য এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজন বলেন, “সারাদিন বিদ্যুৎ পাই না, রাতেও দীর্ঘ সময় লোডশেডিং থাকে। আমরা নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করি, তাহলে এত বেশি লোডশেডিং কেন হবে? এভাবে চলতে পারে না। দ্রুত সমস্যার সমাধান করতে হবে।”
শিক্ষার্থীরা জানান, বিদ্যুতের অভাবে তাদের লেখাপড়া ও পরীক্ষার প্রস্তুতি ব্যাহত হচ্ছে। অন্যদিকে ব্যবসায়ীরা অভিযোগ করেন, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ব্যবসায়িক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং অনেক ক্ষেত্রে আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে।
স্থানীয়দের মতে, প্রচণ্ড গরম ও ভ্যাপসা আবহাওয়ার মধ্যে অতিরিক্ত লোডশেডিং শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের জন্য চরম দুর্ভোগ সৃষ্টি করেছে। তারা দ্রুত বিদ্যুৎ পরিস্থিতির উন্নয়ন এবং নিয়মিত সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে স্থানীয় বিদ্যুৎ বিভাগের একজন দায়িত্বশীল কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “জাতীয় গ্রিড থেকে চাহিদার তুলনায় কম বিদ্যুৎ সরবরাহ পাওয়ায় বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে লোডশেডিং করতে হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। পরিস্থিতির উন্নতি হলে বিদ্যুৎ সরবরাহও স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করছি।”
বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত লোডশেডিং কমিয়ে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।





