
রাজিবুল রাজিব, খুলনা প্রতিনিধি
খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন কবরখানা রোড বালুর চর এলাকায় এক নারীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ১০টার দিকে একটি তিনতলা ভবন থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
মৃত নারী মমতাজ বেগম (৫৬)। তিনি ওই এলাকার বাসিন্দা মো. সাইদুর রহমানের স্ত্রী এবং স্থানীয় এক হোমিওপ্যাথিক চিকিৎসকের মা বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পরিবারের সদস্যরা মমতাজ বেগমকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে খালিশপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে। ঘটনাটি রহস্যজনক হওয়ায় মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন আলামত সংগ্রহ করেন। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরও বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রহস্যজনক এ মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।





