
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের আছাদনগর বেতুরা মাদ্রাসা সংলগ্ন খেয়াঘাট এলাকায় পুলিশের অভিযানে ১ লাখ ২৬ হাজার শলাকা আমদানি নিষিদ্ধ ভারতীয় ‘শেখ নাসিরুদ্দিন’ বিড়ি উদ্ধার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই চোরাকারবারি পালিয়ে যায়। ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দে ছাতক থানার এসআই মো. সাদেক সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানাধীন এলাকায় ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। অভিযানের একপর্যায়ে নোয়ারাই ইউনিয়নের আছাদনগর বেতুরা মাদ্রাসা সংলগ্ন খেয়াঘাট এলাকায় দুই ব্যক্তিকে একটি নৌকা থেকে কয়েকটি কার্টন নামাতে দেখা যায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে। তবে স্থানীয় এলাকার ভেতর দিয়ে দক্ষিণ দিকে পালিয়ে যেতে সক্ষম হয় তারা।
পরে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে পলাতক ব্যক্তিদের ফেলে যাওয়া ৬টি কার্টন তল্লাশি করে মোট ১ লাখ ২৬ হাজার শলাকা আমদানি নিষিদ্ধ ভারতীয় ‘শেখ নাসিরুদ্দিন’ বিড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিড়িগুলোর আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৫২ হাজার টাকা।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পলাতক দুই আসামীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। তাদের গ্রেফতারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ছাতক থানা পুলিশ জানিয়েছে, সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধ পণ্য ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি জড়িতদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।





