
দেওয়ানগঞ্জ প্রতিনিধি
জামালপুরের দেওয়ানগঞ্জে মাদক সেবন ও মাদকদ্রব্য রাখার অভিযোগে মো. জিহাদ (২১) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহ জহুরুল হোসেন এ দণ্ডাদেশ প্রদান করেন।
জানা গেছে, উপজেলার কালিকাপুর এলাকায় মৃত চিনি মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে মাদক সেবন ও মাদকদ্রব্য সংরক্ষণের অভিযোগে জিহাদকে আটক করা হয়। তিনি ইসলামপুর উপজেলার শেখপাড়া গ্রামের তারা মিয়ার ছেলে। দীর্ঘদিন ধরে তিনি ওই বাড়িতে ভাড়া থেকে মাদক কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
অভিযানকালে পুলিশ ঘটনাস্থল থেকে মাদক সংশ্লিষ্ট বেশ কিছু আলামত উদ্ধার করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।





