
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়ন ও দর্শনা পৌরসভায় পৃথক মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (৩ জুন) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি), এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন আলম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্যের সঙ্গে সরাসরি সংশ্লিষ্টতা ও মাদক সেবনের অপরাধে “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮” অনুযায়ী দামুড়হুদা উপজেলার জুড়ানপুর পশ্চিমপাড়া গ্রামের আরজিবুল হোসেনের ছেলে শাকিব হোসেন (২৬)-কে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এদিকে একই ধরনের অপরাধে দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর গ্রামের কিতাব আলী সরদারের ছেলে আলম সরদার (৬৯)-কে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী কর্তৃপক্ষ জানান, সমাজ থেকে মাদকের বিস্তার রোধ এবং মাদকসেবন ও মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাদক নির্মূলে প্রশাসনের এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





